ঝুঁকিতে এলাকাবাসী
অভিজিত্ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া ও ভালকুটিয়া এলাকায় ভাঙন দেখা গেছে। এতে এলাকাবাসী ঝুঁকিতে রয়েছে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, পানি বাড়তে থাকায় নতুন নতুন ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়, মন্দির, মসজিদসহ বেশ কয়েকটি পোলট্রি খামার, বসতভিটা ও ফসলি জমি। গত বছর ভাঙনরোধে গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি এলাকায় ২০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে জেলা পানি উন্নয়ন বোর্ড। খানুরবাড়ি গ্রামের জহুরুল ইসলাম বলেন, যমুনা নদীতে খুব পরিমাণে পানি না বাড়লেও ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘরবাড়ি নদীতে ভেঙে গেছে। কষ্টাপাড়া গ্রামের রফিকুল ইসলাম মনি বলেন, গত বছর চোখের সামনে বাড়ির জায়গাজমিসহ একটি ঘর যমুনা নদীতে ভেঙে গেছে। বাকিটুকুতে পরিবার নিয়ে ঝুঁকিতে নদীপাড়ে বসবাস করছি। কিন্তু গত কয়েক দিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে আর তাতে ভাঙন দেখা দিয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ের টাঙ্গাইল অংশ ভাঙন থেকে রক্ষার জন্য প্রকল্প তৈরি করে সেটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।