স্টাফ রিপোর্টার, দিনাজপুর
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন বাজি রেখে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে তেমনি করোনার বিরুদ্ধে এই যুদ্ধে দেশের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশকে করোনামুক্ত করার চেষ্টা চালাচ্ছে। চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা এ দেশের করোনা যুদ্ধে বীর হয়ে থাকবে। এসব বীরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে তাদের এই বিশাল ত্যাগের পুরস্কার দেবেন।
শনিবার দুপুরে দিনাজপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থাপনা সভায় সভাপতির বক্তব্যে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইকবালুর রহিম।
জীবন বাজি রেখে করোনা ভাইরাস প্রতিরোধে এবং করোনা আত্রান্ত রোগীদের সেবা করার জন্য তিনি চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. পারভেজ সোহেল রানা প্রমুখ।