পঞ্চগড় প্রতিনিধি
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, শাকসবজিসহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরো ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। শনিবার নিজ নির্বাচনী এলাকা দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে দরিদ্র অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ত্রাণ বিতরণের যেন অনিয়ম না হয়। কারণ একই ব্যক্তি বারবার ত্রাণ পাচ্ছে আবার কেউ একবারও পাচ্ছে না এমনটি যেন না হয়। প্রশাসন, জনপ্রতিনিধিসহ যারা ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করছেন তাদের দেখতে হবে কোনো দরিদ্র অসহায় ব্যক্তিদের এক জনও যেন ত্রাণ থেকে বঞ্চিত না হয়। করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।