বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরো দুই পুলিশ সদস্য। দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন উত্সর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই নাজির উদ্দীন ও সুলতানুল আরেফিন। এসআই নাজির উদ্দীন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন। এসআই সুলতানুল আরেফিন কাজ করতেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে। এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের পাঁচ সদস্য মারা গেলেন।
এসআই নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার (১ মে) সকালে তিনি মৃত্যুবরণ করেন। এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। অপরদিকে সুলতানুল আরেফিন গতকাল শনিবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, করোনা ভাইরাসে বাংলাদেশ পুলিশের ৭৪১ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩৫৬ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।