পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত
ফলাফল প্রকাশ করবে পিএসসি
সাইদুর রহমান
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের শুধু ঘোষণা বাকি ছিল। গত মার্চ মাসের শেষদিকে ফলাফল প্রকাশের জন্য সবকিছুই প্রায় গুছিয়ে এনেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু করোনা ভাইরাসের ছোবলে আটকে গেছে ফলাফল ঘোষণা। এতে তৈরি হয় পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা। গত সোমবার থেকে সীমিত পরিসরে পিএসসির পরীক্ষা কার্যক্রম শুরু হলে আবার ফল প্রকাশের প্রত্যাশা তৈরি হয়। তবে পিএসসি বলছে, জাতির ক্রান্তিলগ্নে চিকিত্সক এবং নার্স নিয়োগের সুপারিশ করার জন্যই মূলত ঝুঁকি নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের সুযোগ নেই।
৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ‘করোনা শুধু জাতীয় নয়, এটি বৈশ্বিক সংকট তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে অনেক আগেই ৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হতো। তিনি পরীক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, বাস্তবতা সবাইকে মানতে হবে। এখন সরকার কর্তৃক সাধারণ ছুটি। করোনার কারণে পিএসসির স্বাভাবিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পিএসসির সংশ্লিষ্টরা সরকারের নির্দেশনায় শুধু চিকিত্সক এবং নার্স নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ৩৮তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হবে।