বিএসএমএমইউয়ে ফিভার ক্লিনিকে রোগী সাড়ে ৫ হাজার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজার ও করোনা ভাইরাস ল্যাবরেটরিতে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ফিভার ক্লিনিকে গতকাল শনিবার ২৬৯ জনসহ এ পর্যন্ত ৫ হাজার ৬৩৩ জন রোগীকে চিকিত্সাসেবা প্রদান করা হয়েছে। গত ২১ এপ্রিল এই ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিকে গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরি চালু করা হয়। গতকাল ৩১৫ জনসহ এ পর্যন্ত ৫ হাজার ১১০ জন রোগীর নমুনা করোনা ভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধার্থে এরই মধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিত্সাসেবা প্রদান, অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিত্সাসেবা প্রদান করা হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি