করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত দুই দিনে খুলনা, বরিশাল, রাজশাহী ও পিরোজপুরে ১২ মাস বয়সি এক শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার ও অফিসগুলোর।
খুলনা : খুলনায় করোনা উপসর্গ নিয়ে ১২ মাস বয়সি এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন গতকাল শনিবার সকালে ও আরেক জন শুক্রবার রাতে মারা যায়। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম জানান, দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের ইউসুফ খান (৬০) দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। তিনি জানান, শ্বাসকষ্টসহ তার পাতলা পায়খানা ও বমি হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ইউসুফ খান পেশায় দিনমজুর ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অপর দিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ মাস বয়সি অপর এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামে। খুমেক হাসপাতালের আবাসিক চিকিত্সক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শুক্রবার বিকালে শিশুটিকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার সংক্রমণ থাকায় পরে তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার শ্বাসকষ্টের উপসর্গ থাকায় করোনা সংক্রমণ আছে কি না, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বরিশাল : শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হওয়া ব্যক্তি ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়ার উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে করোনার উপসর্গ নিয়ে শুক্রবার ভোরে বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আবদুল খালেক মাস্টারের পুত্র জাহাঙ্গীর হোসেন (৫০) মারা গেছেন। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল ৫৫ বছরের ওই রোগী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এ ভর্তি হন। সেখান থেকে ৩০ এপ্রিল তাকে করোনা ওয়ার্ডে পাঠানোর পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অপরদিকে মৃত জাহাঙ্গীর হোসেনের স্বজন আবদুল হালিম জানান, বাড়িতে প্রচণ্ড জ্বর, শরীরে ব্যথা এবং পাতলা পায়খানা নিয়ে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো ডাক্তার না পেয়ে রাতে বাড়িতে আনার পর জাহাঙ্গীরের মৃত্যু হয়। এদিকে বরিশালে আরো তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নি?য়ে জেলায় করোনা আক্রা?ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে এক জন নগরীর বাসিন্দা নারী বয়স (৪২)। অপর এক জন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৬৫) ও উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮)।
রাজশাহী : করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভর্তির এক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। মৃত ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। রয়েল (২২) নামের ওই যুবক গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় করোনা সংক্রমিত রোগী বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে।
পিরোজপুর : পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা সন্ধ্যা রানী হালদার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে তার মৃত্যু হয়। তিনি গত বৃহস্পতিবার থেকে পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তার বাড়ি পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায়। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, গত ৩০ এপ্রিল ওই নারী শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে রেখে ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল ল্যাবে প্রেরণ করা হয়। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। শনিবার তার মৃত্যু হয়।
ঈশ্বরদী (পাবনা) : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এই গৃহবধূ ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী পান্না স্টোরের মালিকের ছোটো ভাই রানার স্ত্রী। দুই সন্তানের জননী এই গৃহবধূর নাম পিটু, বয়স আনুমানিক ৩০ বছর। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শহরের বাবুপাড়া এলাকায় তারা বসবাস করেন।