ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেফতার করায় নিন্দার ঝড় বইছে। গ্রেফতারকৃত তিন সাংবাদিক হলেন দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৬৫), সাংবাদিক শান্ত বণিক (৩৫) এবং অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)। গত বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়সহ স্থানীয় সাংবাদিকরা অবিলম্বে গ্রেফতারকৃত তিন সাংবাদিককে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে পলাশের ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম পলাশ থানায় ঐ তিন সাংবাদিককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সম্প্রতি একটি প্রতিবেদনে ঐ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলে তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ ও তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করার অভিযোগে মামলাটি করেন তিনি।