ভূঞাপুরে প্রতীকী ধান কাটা যেন পাকা ধানে মই!

টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকের পাকা ধান কেটে দেওয়ার কথা বলে খেতে নেমে ফটো তুলে লাপাত্তা কৃষক শ্রমিক লীগের নেতারা। এমন অভিযোগ করেছেন উপজেলার খড়ক গ্রামের কৃষক আবুল কালাম ও তার ছেলে রাসেল। এতে পাকা ধান নষ্ট হয়ে খেতে পড়ে থাকায় হতাশা প্রকাশ করলেও প্রতিবাদ করার সাহস হয়নি তাদের।

জানা গেছে, অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামের কৃষক কালামের ৩০ শতাংশ জমির ধান পেকে গেলে ছেলেকে নিয়ে ধান কাটতে শুরু করেন কালাম। এমন সময় শুক্রবার জমিতে হুমড়ি খেয়ে পড়ে কৃষক লীগের নেতাকর্মী ছাড়াও উত্সাহী মানুষ। যেন পঙ্গপালের মতো ধানের জমি সাবাড় করার প্রতিযোগিতায় নামেন তারা। নেতারা কাঁচি হাতে অল্পসংখ্যক ধান কেটে ফটো তুলেন। নেতাকর্মীরা চলে যাবার পর খড়কুটার মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকে কাটা ধানের গাছ। তবে অধিকাংশ আঁটিতে নেই অবশিষ্ট ধান।

স্থানীয় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান বলেন, কিছু সময় যেতেই স্পষ্ট হয় তাদের আসল উদ্দেশ্য। জমির অর্ধেক ধান কাটা শেষ হবার আগেই শুরু হয় ফটোসেশন। ফটোসেশন শেষ হওয়া মাত্রই তারা চলে যায়।

কৃষক কালাম বলেন, নেতাকর্মীরা ধান কাটতে আসেনি, তারা এসেছিল হুড়াহুড়ি করতে। এতে আমার খেতের ধান নষ্ট হয়েছে। পরে ছেলেকে নিয়ে বাকি ধান কেটেছি।