টেকনাফে রোহিঙ্গাদের হাতে অপহূত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহূত তিন জনের মধ্যে এক যুবকের গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয়দের একটি দল ঊনছিপ্রাং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পশ্চিমে শীলের ঝিরি উঠনি পাহাড় হতে মিনা বাজারের মৌলভী কাশিমের ছেলে আক্তার উল্লাহর (২৫) লাশ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে আইসি মশিউর রহমান নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, নিহত আক্তার উল্লাহ পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি ফকিরের ঘোনা এলাকায় শসা খেত দেখতে গিয়েই ডাকাত দলের হাতে অপহূত হয়ে প্রাণ হারান। এখনো ডাকাত দলের হাতে মুহাম্মদের পুত্র মো. শাহেদ (২৬) ও মৃত মো. কাশেমের পুত্র মুহাম্মদ ইদ্রিস (৩০) আটক রয়েছে। তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

গভীর পাহাড় হতে গুলিবিদ্ধ ও রক্তাক্ত আক্তার উল্লাহর মৃতদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, পাহাড়ে অবস্থানকারী সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্তরা এই ইউনিয়নের পাহাড়ি জনপদের চাষি ও বাসিন্দাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং নির্মমভাবে খুন করছে। অবিলম্বে এলাকাবাসীকে এসব থেকে রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।