টিসিবির তেলের কার্টনে অন্য ব্রান্ডের ৭১৬ লিটার তেলসহ একটি ট্রাক জব্দ করেছে আখাউড়া থানা পুলিশ। কার্টনের সঙ্গে তেলের ব্র্যান্ডের মিল না থাকায় এনিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস সড়ক থেকে ট্রাকটিকে জব্দ করা হয়।
জানা যায়, টিসিবির খালি কার্টনগুলো ট্রাকে উঠানো হয় বাইপাস সড়কের পাশের একটি অফিস থেকে। ঐ অফিসটি উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাসুদ ইবনে খলিফা লাকসুর। আটকের পর ট্রাক ড্রাইভার ও সহকারী জানায়, আখাউড়ার মেয়রের ভাই লাকসুর দোকান থেকে শুধু খালি কার্টুন গাড়িতে তোলা হয় আর তেল ব্রাহ্মণবাড়িয়ার। বিভিন্ন দোকানে এই তেল সরবরাহ করা হয়। কার্টুনে টিসিবি ও পুষ্টির সীল থাকলেও তেল ‘সরকার’ নামের একটি ব্র্যান্ডের। ৫ লিটার ও ১ লিটারের তেলের বোতলগুলো ঐ কার্টনে ভরা ছিল। শ্রমিক লীগ নেতার দোকানে টিসিবির এত খালি কার্টন এলো কোত্থেকে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে টিসিবির তেল সরিয়ে কার্টনে নিম্নমানের তেল ঢুকানো হয়েছে কী-না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, স্থানীয় বড়ো বাজারে টিসিবির যে ডিলার আছে তারা মাল বিক্রির পর খালি কার্টনগুলো বিক্রি করে দেয়। শ্রমিক লীগ নেতা লাকসু সেগুলো কিনে নিয়ে আবার ওদের কাছে বিক্রি করে। তবে তেল কোম্পানির বৈধতা আছে কী-না তা আমরা যাচাই করছি। একটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে তেল এনে আখাউড়ায় বিক্রি করা হয়। তেলগুলো টিসিবির কার্টনে ভরা এবং ওপরে টিসিবির আরো খালি কার্টন ছিল বিধায় আমরা ট্রাকটিকে আটক করি।