কেন্দুয়ায় টিবিবির সেলসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

অবৈধভাবে নিজ বাড়িতে টিসিবির পণ্য মজুদ করে রাখার দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নজরুল ইসলাম নামে টিসিবির এক সেলসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান এ জরিমানা করেন। এ সময় টিসিবি ডিলার বাচ্চু তালুকদারের গুদামঘরটি সিলগালা করে দেওয়া হয়।

জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান কেন্দুয়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে টিসিবি ডিলারের সেলসম্যান নজরুল ইসলামের সিংহেরগাঁও গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঐ সেলসম্যান নজরুলের বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৫৩ লিটার তেল, চিনি ১০০ কেজি, ডাল ৭৬ কেজি, ছোলা ১৩৪ কেজি জব্দ করা হয়। পরে তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নজরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে কথা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান বলেন, এ ঘটনায় ডিলারের সম্পৃক্ততা আছে কি-না তদন্ত করে দেখা হচ্ছে এবং জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।