নতুন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিত্সায় জরুরিভাবে ব্যবহারের জন্য অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এর মানে যেসব রোগী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিত্সায় এই ওষুধ ব্যবহার করা যাবে। সম্প্রতি এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অর্থাত্ রোগীর ওপর পরীক্ষায় দেখা গেছে, যারা গুরুতর অসুস্থ ছিলেন তাদের দ্রুত সুস্থ হতে রেমডিসিভির কার্যকর হয়েছে। তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কি না, তা এখনো প্রমাণিত নয়। খবর: বিবিসি ও সিএনএনের।সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন, করোনা ভাইরাসের পরীক্ষামূলক চিকিত্সায় রেমডিসিভির পরীক্ষায় প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে তিনি আশাবাদী। তার দাবি, রেমডিসিভিরের কার্যকারিতা ‘সুস্পষ্টভাবে প্রমাণিত’ হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এ ওষুধ প্রয়োগ করার ফলে ৩০ শতাংশ রোগী খুব দ্রুত সেরে উঠছেন। রেমডিসিভির প্রয়োগে রোগীর সুস্থ হওয়ার সময় ১৫ দিন থেকে ১১ দিনে নেমে এসেছে।
শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এফডিএ জিলিড সায়েন্স কোম্পানির তৈরি রেমডিসিভির ওষুধটিকে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিত্সার জন্য অনুমোদন দিয়েছে।
জিলিড সায়েন্সের প্রধান নির্বাহী ডেনিয়েল ও’ ডে বলেছেন, কোভিড-১৯ রোগ মোকাবিলায় এফডিএর এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি বলেন, তার কোম্পানি রোগীদের সাহায্য করতে ওষুধটির ১৫ লাখ বোতল সরবরাহ করছে। এফডিএ কমিশনার স্টিফের হান বলেছেন, এটি করোনা চিকিত্সায় প্রথম কোনো ওষুধের অনুমোদন দেওয়া হলো। এর অংশ হতে পেরে আমরা গর্বিত।