নওগাঁর সংসদ সদস্যের করোনা পজিটিভ

দুই এমপি, ডিসি-এসপিসহ ৬ জন হোম কোয়ারেনটাইনে

করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসা দুই সংসদ সদস্য, ডিসি, এসপি, সিএস ও জেলা আওয়ামী লীগের সভাপতি হোম কোয়ারেন্টাইয়ে রাখা হয়েছে। আজ শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন (সিএস) ডা. আ. ম. আখতারুজ্জামান। আগামী রবিবার তাদের নমুনা সংগ্রহ করা হবে।

জেলার শীর্ষ ছয় জন হোম কোয়ারেন্টাইনে থাকার সংবাদ ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ছয় জন হলেন: নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিমউদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান, সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

জানা গেছে, গত ২৭ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে যোগ দেওয়ার জন্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিমউদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান, সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকসহ অন্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। শেষে জেলা প্রশাসকের অফিস রুমে বসে চলতি বোরো ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর গত মঙ্গলবার ঢাকা চলে যান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, ঢাকায় শুক্রবার সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ায় প্রতিবেদন পাওয়া যায়। এরপরই শনিবার বেলা ১১টার দিকে ঐ ভিডিও কনফারেন্সেসহ বিভিন্ন দিক খতিয়ে দেখে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসা ঐ দুই সংসদ সদস্য, ডিসি, এসপি, সিএস ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী রবিবার এই ছয় জনের নমুনা সংগ্রহ করা হবে।