রাজধানীতে পুলিশের তল্লাশি কিছুটা শিথিল

করোনার প্রাদুর্ভাবে দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকলেও ভেঙে ভেঙে ভিন্ন ভিন্ন যানবাহনে করে রাজধানীতে ফিরছে দেশের নানা প্রান্তের মানুষ। প্রবেশপথগুলোতে পুলিশের তল্লাশি কিছুটা শিথিল থাকায় সকাল থেকে সহজেই ঢাকায় প্রবেশ করছে লোকজন।

করোনা ভাইরাস রোধে ২৬ মার্চ থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ করে সরকার। সরকারি অফিস না খুললেও গার্মেন্টস ও বেসরকারি কিছু প্রতিষ্ঠান খোলায় গত কয়েক দিন ধরেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। গতকাল শনিবার রাজধানীর গাবতলী, আবদুল্লাহপুর ও চিটাগং রোড ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে প্রবেশ করছে মানুষ। কেউ মোটরসাইকেলে, কেউবা লেগুনা-সিএনজিতে করে অনায়াসে রাজধানীতে প্রবেশ করছে। রাজধানীর প্রবেশপথে আসার আগেই লোকজনকে নামিয়ে দেয় ট্রাক, মিনি ট্রাক ও লেগুনাগুলো। সেখান থেকে পিকআপ ও সিএনজি অটোরিকশায় করে রাজধানীতে প্রবেশ করছে তারা। পোশাক কারখানার  শ্রমিকসহ  নানা কাজে এসব লোক ঢাকায় আসছেন।