হাসপাতালের বিল না দিতে পারায় শিশু বিক্রি

গাজীপুরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে নিজের নবজাতককে বিক্রি করে দিয়েছেন মা-বাবা। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতালের বিল পরিশোধ করে সেই নবজাতককে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু লাইচ মো. ইলিয়াস জিকু জানান, গত ২১ এপ্রিল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন কেয়া খাতুন (২০)। ঐ দিন সিজারিয়ানের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। এটি হচ্ছে কেয়া খাতুন ও শরীফ হোসেন দম্পতির প্রথম সন্তান। হাসপাতালে ১১ দিন ভর্তি থাকায়  বিল আসে ৪৭ হাজার টাকা। হাসপাতালের এ বিপুল পরিমাণ বিল স্বামী মো. শরীফের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। পরে মা কেয়া খাতুন ও তার স্বামী শরীফ হাসপাতালের বিল দিতে না পারায় নিজের সন্তানকে প্রতিবেশী এক নিঃসন্তান দম্পতির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন। সন্তান বিক্রির টাকা দিয়ে তিনি হাসপাতালের বিল পরিশোধ করেন। শুক্রবার তারা নগরীর কাশিমপুর এলাকার এনায়েতপুরে তাদের বাড়িতে চলে যান। পরে বিষয়টি পুলিশের এডিশনাল আইজির (এসবি) মাধ্যমে খবর পান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। কমিশনার বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে গাজীপুর মহানগর পুুলিশ কমিশনার নিজেই হাসপাতালের বিল পরিশোধ করে দিয়ে ঐ নবজাতককে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। বর্তমানে মা এবং ছেলে সুস্থ আছে।