ঢামেকের বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগী ভর্তি শুরু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে এম নাসির উদ্দিন। তিনি জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, ‘আজ (গতকাল) থেকে বার্ন ইউনিটে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হলো। এখানে করোনা আক্রান্ত রোগীরা সব চিকিত্সাই পাবেন। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদেরও সব ধরনের চিকিত্সা দেওয়া হবে। বার্ন ইউনিটে মোট ৩০০ বেড রয়েছে। আইসিইউ ইউনিট, এইচডিইউ ইউনিট প্রস্তুত করা হয়েছে। 

চিকিত্সক নার্সদের বিষয়ে পরিচালক বলেন, চিকিত্সক, নার্স ও কর্মচারী যারা আছেন তাদের সুরক্ষার জন্য আবাসিক হোটেল ঠিক করা হয়েছে। যারা ডিউটি করবেন তারা হাসপাতাল থেকে সরাসরি হোটেলে গিয়ে উঠবেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মজিবুর রহমান বলেন, বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হলো। তবে যে কোনো রোগী যেমন শ্বাসকষ্ট, নিউমোনিয়া, করোনা সাসপেক্টেড রোগীদের চিকিত্সা দেওয়া হবে। পরে সাসপেক্ট রোগীদের মধ্যে পজিটিভ আসলে তাদের আলাদা করে চিকিত্সা দেওয়া হবে। এখন থেকে করোনা পরীক্ষার স্যাম্পল ঢামেক বার্ন ইউনিট থেকেই সংগ্রহ করা হবে। যা অলরেডি শুরু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মতো রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন কোভিড-১৯ রোগে আক্রান্ত।