এপ্রিলে ৫২ শিশু করোনায় আক্রান্ত ছয় জনের মৃত্যু

দেশে গত ৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৫২ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ছয় শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে।

সংগঠনের পরিচালক আবদুস সহিদ মহমুদ জানান, ‘এ ছাড়াও বিভিন্ন পত্রিকার সংবাদ পর্যালোচনা করে দেখা গেছে ২৭ শিশু করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে মারা গেছে। সেই হিসাবে মোট ৩৩ জন শিশু মারা গেছে। এরমধ্যে ছয় জন রিপোর্টেড করোনার রোগী। এদিকে আরো ২৪ শিশুর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু এর ফল প্রকাশিত হয়নি। ৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে মোট ৮৩ শিশু করোনায় আক্রান্ত হয়েছে অথবা আক্রান্তের লক্ষণ পাওয়া গেছে। সবচেয়ে কম বয়স্ক চার মাসের শিশু এবং সর্বোচ্চ ১৭ বছর ঊর্ধ্ব শিশুর দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি বলেন, ‘করোনা ভাইরাস এক সময় দেশ থেকে নির্মূল হয়ে গেলেও এর সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্বিক ও সাংস্কৃতিক প্রভাব দীর্ঘদিন শিশুদের প্রভাবিত করতে পারে। তাই সরকার, সমাজ ও পরিবারের অন্য সদস্যগণকে শিশুদের ব্যাপারে আরো সংবেদনশীল হওয়ার কোনো বিকল্প নেই।’

আবদুস সহিদ আরো বলেন, ‘আইইডিসিআর কয়েকটি বয়সগ্রুপে ভাগ করে তাদের প্রতিদিনকার আপডেট দিয়ে থাকে। তার মধ্যে একটি ১০ বছর পর্যন্ত। আরেকটি ১০ থেকে ২০ বছর। এই ১০ থেকে ২০ বছর বয়সগ্রুপের মধ্যে শিশু যেমন রয়েছে আবার প্রাপ্তবয়স্ক বা তরুণরাও রয়েছে। যার ফলে প্রকৃতপক্ষে কত সংখ্যক শিশু আক্রান্ত হয়েছে তার প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।’