সারাদেশের মতো করোনা ভাইরাসে মানিকগঞ্জের সিংগাইর অচল হয়ে পড়েছে। কষ্টে আছেন নিম্ন আয়ের পাশাপাশি দুস্থরা। দুর্যোগকালীন এমন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিংগাইর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা উপজেলার ১৯টি কওমি মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তালিকাভুক্ত মাদ্রাসার কর্তৃপক্ষ শুক্রবার অনুদানের চেক গ্রহণ করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। এতে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য অনেকাংশেই সহজ হবে বলে মাদ্রাসা প্রধানগণ মনে করেন। সেই সঙ্গে তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।