পীরগাছায় ছাগল নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

রংপুরের পীরগাছায় ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাতে নিহতের ছেলে রবিউল ইসলাম বাদি হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগৎজীবন গ্রামের মুনছুর আলীর ছেলে খবির উদ্দিন জমির ফসল খাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী আবুল হোসেনের একটি ছাগল খোয়াড়ে দেন। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে উভয়পক্ষের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে আবুল হোসেনসহ অন্তত ১১ জন আহত হন।

সংঘর্ষে আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে আবুল হোসেন মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদি হয়ে ৩২ জনের নামে মামলা দায়ের করেছে। পুলিশ রুস্তম আলী ও তার স্ত্রী গোলেনুর বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়। তাদের নাম এজাহারে থাকায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ এমএএম