শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ৩০  জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলী আজগার (৬০)  পারকোলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

 
শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামছুজ্জামান জানান, আধিপত্য বিস্তার নিয়ে পারকোলা গ্রামের বর্তমান পৌর কাউন্সিলর বেলাল হোসেনের সঙ্গে সাবেক কাউন্সিলর পীযুষ কুমারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেলাল গ্রুপের সমর্থক আজগর আলী নিহত হয়।  

আরো পড়ুন : করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন পিতা-পুত্র

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজগর আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি