তাদের জন্য কোন আইন

এই সময়ের ছড়া 

সুজন বড়ুয়া

 

করোনা এক সত্যি যুদ্ধ

আমরা কেমন অবরুদ্ধ

নিষেধ এখন বাইরে যাওয়া

বাসায় থাকা বাসায় খাওয়া

ভিড় এড়িয়ে ফাঁকা ফাঁকা—

চলাই নাকি সুস্থ থাকা

             এটা নাকি কোয়ারেন্টাইন,

এদিক তবে ঘরের কোণে

ল্যাপটপ আর মোবাইল ফোনে

চলছে সবই চলছে ঠিকই

ক্লাসের পড়া কিনিবিকি

ব্যাংকের কাজ এবং অফিস

হচ্ছে না তো উনিশ কি বিশ

           চলছে সবই অনলাইন,

বলেন দেখি কিন্তু হুজুর

শ্রমিক চাষা মুটে মজুর

যারা শুধুই দুঃখ কুড়ায়

নুন আনতে পান্তা ফুরায়

তাদের বাঁচার উপায়টা কী?

তাদের জন্য আলাদা কী?

               তাদের জন্য কোন আইন?

               তাদের জন্য কোন লাইন?

               অনলাইন? কোয়ারেন্টাইন?