স্পোর্টস ডেস্ক
হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারে অসাধ্য বলে যেন কিছুই নেই! অখ্যাত পোর্তোকে ট্রেবল জেতানো হোক কিংবা পেপ গার্দিওলার বার্সার বিপক্ষে খেলে রিয়াল মাদ্রিদকে লিগ জেতানো, সবই আছে পর্তুগিজ এই কোচের পোর্টফোলিওতে। তবে রিয়ালের হয়ে সময়টাকে একটু বাড়তি যত্নেই রেখে দিয়েছেন মনের মণিকোঠায়। জানালেন ২০১১-১২ মৌসুমের দলটা ছিল ইউরোপেরই সেরা!
সম্প্রতি মার্কাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘রিয়ালের হয়ে লিগ জেতাটা গুরুত্বপূর্ণ একটা সময়ে এসেছিল, যখন বার্সেলোনার রাজত্ব চলছিল। তাদের রাজত্ব থামানো, রেকর্ড পয়েন্টে লিগ জেতা আর রেকর্ডসংখ্যক গোল করা এটাকে আরো বেশি মজার করে তুলেছিল। শুধুমাত্র লিগ জেতার কারণে এটা বিশেষ নয়, এর বিশেষত্ব হচ্ছে আমরা ইতিহাস তৈরি করেছিলাম।’
তবে সে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রা শেষ হয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে পেনাল্টি শুটআউটে হেরে। সান্তিয়াগো বার্নাব্যুর সে ম্যাচে পেনাল্টি নষ্ট করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কাকা ও সার্জিও রামোস।
দুর্দান্ত দল নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ না জেতার হতাশা এখনো পোড়ায় মরিনহোকে। তিনি বলেন, ‘সে মৌসুমে আমার রিয়াল স্পেনের সেরা দল ছিল, ইউরোপ-সেরাও ছিল। এ কারণে বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা মেনে নেওয়া কঠিন ছিল আমাদের জন্য।’