এবার বলিউড তারকাদের ভিন্ন আয়োজন

বিনোদন ডেস্ক

 

পুরো বিশ্বের তারকারা বিভিন্ন মাধ্যমে করোনায় ভুক্তভোগীদের জন্য এগিয়ে আসছেন। হলিউডেও প্রায় প্রতিদিনই শোনা যায় অর্থ সহযোগিতার খবর। বলিউডেও কম নয়। তবে এবার ভিন্ন এক উদ্যোগ নেওয়া হলো।

এবার অনলাইনে কনসার্টে অংশ নিলেন বলিউডের একঝাঁক তারকা।  কনসার্টটির নাম দেওয়া হয় ‘আই ফর ইন্ডিয়া’। গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হয় ৪ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটি। এই আয়োজনে অংশ নেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অনিল কাপুর, জাভেদ আখতার, সাইফ আলী খান, হূতিক রোশন, রণবীর সিং, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, আনুশকা শর্মার মতো তারকারা। এই কনসার্টে আরও অংশ নেন আশা ভোঁসলে, অরিজিত্ সিং, সনু নিগম, প্রীতম, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষালসহ নামী সংগীত শিল্পীরাও। শোবিজ তারকাদের পাশাপাশি অংশ নেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশেষ পরিবেশনায় ছিল উইল স্মিথ, জোনাস ব্রাদারস, ব্রায়ান অ্যাডামস, সোফি টার্নারসহ  অনেকে। জানা গেছে, ৩টি লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এই অনলাইন কনসার্টটি। মহামারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানানো, ঘরবন্দি মানুষকে বিনোদন দেওয়া এবং যাদের ঘর ও কাজ নেই তাদের সাহায্য করা। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ভারতের করোনা তহবিলে দেওয়া হবে।