নোজ এরিয়া ও রেড মার্জিন থেকে বালু উত্তোলন

কালীতলা গ্রোয়েন ও সারিয়াকান্দি হার্ড পয়েন্ট ঝুঁকির মুখে!

আমিনুল ইসলাম হিরু, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

দেশের দুর্যোগময় মুহূর্তে প্রশাসন যখন করোনা মোকাবিলায় ব্যস্ত ঠিক তখন একটি সংঘবদ্ধ চক্র কালিতলা গ্রোয়েনের নিষিদ্ধঘোষিত নোজ এরিয়া এবং রেড মার্জিনের ভেতর যমুনার ডানতীর থেকে রাতের অন্ধকারে শতশত ট্রাক বালু (বিটবালু) লুট করে নিয়ে যাচ্ছে। এভাবে বালু লুটে নেওয়ায় নদী ভাঙন রোধে ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালীতলা গ্রোয়েন ও সারিয়াকান্দি হার্ড পয়েন্ট (দিঘলকান্দি) ঝুঁকির মুখে পড়েছে।  প্রভাবশালী চক্রটি দীর্ঘদিন ধরে যমুনার ঐ পয়েন্ট থেকে বালু উত্তোলন করলেও সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে অপ্রতিরোধ্যভাবে সারা রাত শত শত ট্রাক বালু অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সমস্ত বালুভর্তি ট্রাক বগুড়ার উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলাতেও যাচ্ছে। নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আলীম উদ্দিনের মতে যমুনা নদী থেকে যত্রতত্র অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ না হলে দ্রুত মরফোলজিক্যাল চেঞ্জ হবে এবং ভাঙন রোধে কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রোয়েন, হার্ডপয়েন্ট, স্পার, তীররক্ষা কাজ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে পড়বে। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আশরাফুজ্জামান বলেন, নদী থেকে বালু উত্তোলনে পরিবেশ-প্রতিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নদী থেকে বালু উত্তোলনের কোনো নিয়ম নেই।

 পানি উন্নয়ন বোর্ড বগুড়া (ওএন্ডএম) এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে দুই মাস আগে বগুড়া জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। আবারও চিঠি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে সারিয়াকান্দি থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বলেন, অসুস্থতার কারণে অভিযোগটি দেখা হয়নি তবে শিগগিরই দেখছি। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে ইতিমধ্যে আটটি বালু ভর্তি ট্রাক আটক করা হয়েছে। বালু উত্তোলন বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ইত্তেফাককে বলেন, করোনা পরিস্থিতিতে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে দুষ্টচক্র অপকর্ম করে যাচ্ছে। যেখানেই খবর পাচ্ছি সীমিত জনবল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সারিয়াকান্দিতে কয়েকটি বালুর ট্রাক আটক করা হয়েছে।