নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় করোনার প্রভাবে কর্মহীন-অসচ্ছল পরিবারের মধ্যে মোট ১৪ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে দলীয় নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে এসব অর্থ বিতরণ করেন। দলীয় সূত্র জানায়, এলাকার এমপি মতিয়া চৌধুরীর পরামর্শে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রতিটি পরিবারের হাতে পর্যায়ক্রমে ২০০ করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সহায়তার আওতায় আসে উপজেলার ৭ হাজার ১৯২টি পরিবার। পরে রবিবার দুপুরে নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণকৃত অর্থের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। একইসঙ্গে নকলা উপজেলাতেও অর্থ বিতরণ তালিকা জমা দেওয়া হয়েছে। দুই উপজেলায় মোট ২৫ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।