সম্প্রতি কৃষকের ধানকাটা নিয়ে কিছু ছবি হাস্যরসের জন্ম দিয়েছে এবং আমাদের মানবতাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। উজানে ভারতের মেঘালয়, আসাম ও বরাক অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, তা হাওরের দিকে ধেয়ে আসছে। বান এলে ধান কাটা কঠিন হবে। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট ও সময়মতো ধান কৃষকের ঘরে তোলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের চলমান গভীর সংকটকালে খাদ্য-নিরাপত্তায় যাতে বিঘ্ন না ঘটে, সে কারণে কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক সংগঠন ধানকাটার কাজে কৃষকের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও পত্রপত্রিকায় তা গুরুত্বসহকারে পরিবেশন করা হচ্ছে। সংগঠনগুলোর এমন মানবিকতা ও সময়োচিত কাজ অবশ্যই প্রশংসনীয়। তবে কৃষকদের পাশে দাঁড়ানোর নামে যে ফটোসেশন প্রবণতা দেখা যাচ্ছে, তা আমাদের মানবতাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। কৃষককে সহযোগিতার বদলে উলটো তার পাকাধান পা-মাড়িয়ে নষ্ট করে ছবি তোলা হচ্ছে। এটা যে কোনো বিবেকবানকে পীড়া দেওয়ার জন্য যথেষ্ট। প্রশ্ন জাগে, আমরা কি আর মানুষ হবো না?
কামাল আহমেদ, আশ্রাবপুর, চুনারুঘাট,হবিগঞ্জ