সবুজ অর্থায়নের তহবিল ৪০০ কোটি টাকায় উন্নীত

ইত্তেফাক রিপোর্ট

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্স বাড়ানোর ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পরিবেশবান্ধব খাতে পুনঃ অর্থায়ন স্কিম ২০০ কোটি থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা সাত থেকে আট শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব পণ্য, উদ্যোগ ও প্রকল্পের অর্থায়নের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সম্প্রতি এ তহবিলের আকার ২০০ কোটি থেকে ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ স্কিমের আওতায় শুধু মেয়াদি ঋণের বিপরীতে পুনঃ অর্থায়ন সুবিধা প্রদানযোগ্য হবে। প্রকল্পের পরামর্শক খরচ, মেরামতসংক্রান্ত ব্যয়, রক্ষণাবেক্ষণ খরচ এবং চলতি মূলধন বাবদ কোনো রূপ ব্যয় পুনঃ অর্থায়ন সুবিধার আওতায় আসবে না। ঋণখেলাপি গ্রাহকের পুনঃ অর্থায়ন সুবিধা পাবে না।

বিতরণ করা ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের বা উন্নয়ন সহযোগীদের বা অন্য কোনো উত্স থেকে পুনঃ অর্থায়ন সুবিধা প্রাপ্ত প্রকল্প এ স্কিমের আওতায় বিবেচ্য হবে না। এ তহবিলের আওতায় পাঁচ বছরের কম মেয়াদি ঋণের গ্রাহক পর্যায় সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ, পাঁচ বছরের বেশি কিন্তু আট বছরের কমের ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ এবং আট বছবে মেয়াদি ঋণের সুদহার হবে ৮ শতাংশ।