করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে
বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে ২ হাজার ৮৮৪ সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে গতকাল রবিবার দ্বিতীয় ধাপে ৩৮৫ জন মুক্তি পেয়েছেন। কয়েকটি ধাপে মোট ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেওয়া হবে। এর আগে শনিবার সারাদেশের লঘুদণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত প্রথম দিন মোট ১৭০ জন মুক্তি পান। ৩ থেকে ৬ মাস সাজা খাটা এসব বন্দিদের গতকাল রবিবার মুক্তি দিতে এরই মধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছেছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন।
ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দেশে ৬৮টি কারাগারে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে, যা কারাগারগুলোর ধারণক্ষমতার কয়েক গুণ বেশি।