রামগঞ্জে ত্রাণ বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে ত্রাণ বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগের সভাপতিসহ উভয় গ্রুপের সাত জন আহত হয়েছেন। আহত ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ভুঁইয়া, যুবলীগ নেতা আবদুল অদুদ, ইয়াছিন, সবুজ, মামুন, সাহাদাত ও কাউছারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পালটাপালটি মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, করোনার প্রাদুর্ভাবে লামচর ইউনিয়নে লকডাউনে থাকা কর্মহীন পরিবারগুলোর জন্য স্থানীয় সংসদ ড. আনোয়ার হোসেন খানের ব্যক্তিগত অর্থায়নে ৯৫০ প্যাকেট ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩০০ প্যাকেটসহ সরকারিভাবে ৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

জানা যায়, লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভিন নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে তিনি নামমাত্র কিছু বিতরণ করেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে দক্ষিণ কালিকাপুর যুবলীগ নেতা তারেক হোসেনের সঙ্গে আবদুল অদুদের তর্ক-বিতর্ক হয়। এর জেরে শনিবার রাতে দাসপাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ অদুদকে মারধর করে। খবর পেয়ে ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ভুঁইয়া ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারধর করলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভিন বলেন, সরকারি বা বেসরকারি যা কিছু বরাদ্দ এসেছে তা রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও ইউপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সমম্বয় করে বিতরণ করা হয়েছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসনে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।