বরিশালে সিলিন্ডার প্রতি এলপিজির দাম বেড়েছে ৬০ টাকা

বরিশাল অফিস

করোনা সংক্রমণের মধ্যেই বরিশালে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে বেড়েছে। বরিশালে এলজিপি বাজারজাতকারী প্রায় ১২টি কোম্পানি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছেন। ডিলারপ্রতি ৫০ টাকা বাড়ায় খুচরা বাজার বেড়েছে ৬০ টাকা।  জানা গেছে, ১২ কেজির গ্যাস প্রায় ৯০০ টাকায় খুচরা বাজারে বিক্রি হয়ে আসছিল। গতকাল রবিবার দাম বৃদ্ধির খবরে সাড়ে ৯০০ টাকা করে কিনতে হয়েছে ক্রেতাদের। এলজিপির বৃহত্ কোম্পানির পরিবেশকরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় গত বছরের নভেম্বরে গ্যাসের দাম কমেছিল। কোম্পানি থেকে জানানো হয়েছে— আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তাই সিলিন্ডারপ্রতি ৬০ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যমুনা ও বিএম গ্যাসের পরিবেশক মো. সুমন জানান, কোম্পানি তাদেরকে দাম বৃদ্ধির কথা জানিয়েছে।