চট্টগ্রামে পুলিশ হেফাজতে মৃত্যু:এএসআই সাসপেন্ড

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে পুলিশের হেফাজতে দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় পুলিশের এক এএসআইকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। কামরুল হাসান নামের এই এএসআই সিএমপির বক্সিরহাট ফাঁড়িতে দায়িত্বে ছিলেন।

গত বুধবার সন্ধ্যায় টেরি বাজার মোহাদ্দেছ মার্কেটের প্রার্থনা বস্ত্রালয় নামে একটি দোকান থেকে বস্তাভর্তি কাপড় বের করার সময় দোকানের ব্যবস্থাপক গিরিধারী চৌধুরী (৬৫) ও অপর এক কর্মচারীকে টেরিবাজারের নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। এ সময় স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল হাসান তাকে পুরানো ফাঁড়ির মাঠে নিয়ে যায়। এরপর সেখানে অসুস্থবোধ করলে গিরিধারী চৌধুরীকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এএসআই কামরুল হাসান ও দুই পুলিশ কনস্টেবলসহ তিন জনকে প্রত্যাহার করে নেওয়া হয়।

 সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, ঘটনা তদন্তে নগর পুলিশের পক্ষ থেকে দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আবদুর রউফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত শুক্রবার রাতে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে অপেশাদার আচরণের জন্য এএসআই কামরুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সুপারিশের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।