অদৃশ্য শত্রুর হাতে গোটা বিশ্ব আজ বন্দি :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর হাতে বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ বন্দি। করোনা ভাইরাসের এ সংকটকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থসামাজিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য কৃষি, স্বাস্থ্য, রপ্তানি শিল্প ও গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে প্রণোদনা এবং অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।

গতকাল রবিবার দুপুরে মোহাম্মদ নাসিম তার নির্বাচনি এলাকা কাজীপুরে আলেম সমাজ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী প্রদানের প্রাক্কালে এ কথা বলেন। পরে তিনি কাজীপুরের মেঘাই, চালিতাডাঙ্গাসহ বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনকালে হ্যান্ড মাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে প্রত্যেককে ঘরে থাকার তাগিদ দেন। মোহাম্মদ নাসিম আবেগজড়িত কণ্ঠে বলেন, এই সংকটকালে ঢাকায় থাকলেও আমার মন পড়ে ছিল প্রিয় সিরাজগঞ্জ ও কাজীপুরের মানুষের মধ্যে। তাই ভয়কে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রেখে গত দুই দিন এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। নতুবা জনগণ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে দেশের আলেম সমাজসহ সব ধর্ম বর্ণ ও মানুষের প্রতি আহ্বান জানান।

পরে মোহাম্মদ নাসিম সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে লকডাউন বাস্তবায়ন করার তাগিদ দেন এবং ত্রাণসামগ্রী বিতরণের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শপিকুল ইসলাম, কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকি, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।