বিগ ব্যাশে ফিরলেন ব্যানক্রফট

নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরনের ক্রিকেটে ফিরতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। তবে, অপেক্ষার প্রহর ফুরিয়েছে ক্যামেরন ব্যানক্রফটের। বিগ ব্যাশ দিয়েই গতকাল ক্রিকেটে ফিরেছেন ২৬ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান।

বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের বিপক্ষে  পার্থ স্কোচার্স হয়ে মাঠে নামেন তিনি। যদিও ব্যাট হাতে দুই রানের বেশি করতে পারেননি তিনি।

মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়ায় অস্ট্রেলিয়া। কেপটাউন টেস্ট চলাকালীন মাঠে বল ট্যাম্পারিং করা অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট। তাকে সিরিস কাগজ দিয়ে বল ঘষতে দেখা যায়।

পরে এ ঘটনায় দোষী সাব্যস্ত হন সেই সময়ের অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার দলের সংস্কৃতি নিয়েও বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় ওঠে। স্মিথ ও ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হন। আর ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ছিল ৯ মাসের।

সম্প্রতি সেই সময়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্মিথ ও ব্যানক্রফট। দুজনই আকারে ইঙ্গিতে ওয়ার্নারকেই নাটের গুরু হিসেবে চিহ্নিত করেছেন। যদিও ওয়ার্নার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু বলেননি।