চাটখিল উপজেলার খিলপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সায়েম ফিরোজ (৪১) নিহত হয়েছেন। ফিরোজ চাটখিল উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই কর্মকর্তা এসআই জসিম, এমরান আলী ও কনস্টেবল শাহজাহান আহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান ধরার জন্য পুলিশ রাত আনুমানিক দেড়টার দিকে খিলপাড়া ব্র্যাক অফিসের সামনে গেলে মাদক ব্যবসায়ী ফিরোজ এবং তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পালটা গুলি ছোড়ে। ফিরোজ গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা পালিয়ে যায়। ফিরোজকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তাররা তাকে মৃত বলে জানান। ফিরোজের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে।