ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিশু খুন

করোনা পরিস্থিতিতে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো ব্রাহ্মণবাড়িয়ায়। এবার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে জেলার সরাইলে মো. মহিউদ্দিন নামে সাত বছরের এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ঘটনায় মো. কবির নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল ভোরে বাড়ির পাশের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল। এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। বিরোধের বিষয়টি তিনি মনে চেপে রাখেন। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ থেকে এ পর্যন্ত আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে ২০টিরও বেশি। আহত হয়েছে প্রায় তিন শতাধিক। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে।