গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের মূল ফটকে ত্রাণের দাবিতে রোববার সকাল ১১টা থেকে আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে করোনা পরিস্থিতিতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান ত্রাণ প্রদানের প্রতিশ্রুতি দিলে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে বাড়িতে চলে যায় ত্রাণবঞ্চিত অসহায় এই প্রতিবন্ধীরা।
ধর্মপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী শরিফা বেগম ও মোসলেমা খাতুন জানান, চলমান করোনা পরিস্থিতিতে কয়েক দফা ত্রাণের জন্য ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি তাদের কোনো ত্রাণ দেননি। তাই তারা উপজেলা পরিষদে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ত্রাণের পরিমাণ অত্যন্ত কম। সে কারণে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান জানান, ত্রাণবঞ্চিত অসহায় কর্মহীন প্রতিবন্ধীদের নামের তালিকা নেওয়া হয়েছে। তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।