গাজীপুরের কোনাবাড়ি পারিজাত হরিণাচালা এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পর নিজ বাড়ির ঝুটের গোডাউন থেকে অর্ধগলিত শিশুর মরদেহ উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম সাগর (১৯)। সাগর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার পদিপাড়া গ্রামের রফিক উল্লাহর ছেলে। নিহত আলিফ হোসেন (৬) ঐ এলাকার ঝুট ব্যবসায়ী মো. ফরহাদ হোসেনের ছেলে।
আলিফের মামা নাসিম বলেন, গত ২৭ এপ্রিল বিকাল ৩টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল আলিফ। র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের বাবা ফরহাদ হোসেন ছেলে নিখোঁজের পর কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। এরপর র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে অভিযোগ করা হয়। পরে বাদী মুক্তিপণের টাকা দিতে চাইলে টঙ্গীসহ বিভিন্ন স্থান ঘুরিয়ে পূবাইল এলাকার একটি রেল লাইনে টাকা রাখতে বলা হয়। সেখানে ওঁতপেতে র্যাব সদস্যরা ঘাতক সাগরকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, গত শনিবার ফরহাদের চার তলা বাড়ির তিন তলার ঝুটের গোডাউন থেকে শিশু আলিফের মরদেহ উদ্ধার করা হয়। সাগরসহ কয়েক জন ফরহাদের বাড়ির তিন তলাতে ঝুটের গোডাউনের পাশের ইউনিটে ভাড়া থাকত। আর দুই তলায় পরিবার নিয়ে বসবাস করেন বাড়ির মালিক ফরহাদ।
র্যাব আরো জানায়, সম্প্রতি একটি বিষয়ে সালিশ করতে গিয়ে বাড়িওয়ালা ফরহাদ ভাড়াটিয়া সাগরকে চড়-থাপ্পড় মেরেছিল। রাগের বশে তারা ফরহাদের ছেলেকে অপহরণ করেছিল বলে সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।