বেতন-ভাতার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ঝুঁকি ভাতা দিতে হবে : রিজভী

গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপত্কালীন ঝুঁকিভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল রবিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, কিছু মিডিয়া নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ভয়াবহ প্রাণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে কোভিড-১৯ এ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। বহু সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, কর্মহীন দুস্থদের ত্রাণ বিতরণে জনপ্রতিনিধি ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নীতির সঙ্গে অনেক ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের সংশ্লিষ্টতার সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগ হচ্ছে। আমরা এই নিবর্তনমূলক আচরণের নিন্দা জ্ঞাপন করছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ নিয়ে বলছেন, চলতি মে মাসটা দেশের  জন্য এলার্মিং। বলা হচ্ছে-এ মাসে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এই মাসটা সাবধানে না থাকলে করোনার মহামারি দেশকে বিপর্যস্ত করে দেবে।