ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

বকেয়া বেতনের দাবিতে ঢাকার ধামরাইয়ে সানোড়া ইউনিয়নের আলোকদিয়া এলাকার ‘জুমার ফ্যাশন লিমিটেড’-এর শ্রমিকরা বিক্ষোভ ও কারখানা ভাঙচুর করেছেন। খবর পেয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, ওসি (অপারেশন) মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিক্ষুব্ধ শ্রমিকদের নিবৃত্ত করেন।

জানা যায়, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী গতকাল রবিবার বেতন নিতে এসে বেতন না পেয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিক্ষোভ করেন এবং কারখানায় ভাঙচুর করেন। এ সময় ধামরাই থানা পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু এসে শ্রমিকদের শান্ত করেন। ওসি দীপক চন্দ্র সাহা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ওই প্রতিষ্ঠানের এক ব্যবস্থাপনা পরিচালক মীর ইকবালের কথোপকথন তিনি মোবাইলে লাউড স্পিকার দিয়ে হ্যান্ডমাইকের মাধ্যমে উপস্থিত সবাইকে শোনান। ইকবাল বলেন, আগামী ১০ মে বিকাশের মাধ্যমে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পাঠানো হবে এবং মার্চের বেতন জুন মাসে দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা এই প্রস্তাব না মেনে তারা চলতি মাসসহ চার মাসের বেতন নগদ দাবি করেন। অবশেষে আগামী ১০ মে ফেব্রুয়ারি মাসের দেওয়া হবে এবং ওই দিন বাকি বেতন প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে—এমন আশ্বাসের ভিত্তিতে ওসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুরোধে শ্রমিকরা ঘরে ফিরে যান।