প্রযুক্তির প্রশংসায় রোনালদো

শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে সাম্পাদোরিয়াকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথমার্ধ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে। এই জয়ের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন কোচ অ্যালেগ্রি এবং জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো  রোনালদো। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্তাস। ডান প্রান্ত থেকে পাওলো দিবালার বাড়ানো বল নিয়ন্ত্রণে এনে প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই সাম্পাদোরিয়ার জালে পাঠান রোনালদো। ৩৩ মিনিটে নিজেদের বক্সে জুভেন্তাস মিডফিল্ডার এমরে ক্যানের হ্যান্ডবলের ঘটনা ভিএআরে পরখ করে সাম্পাদোরিয়ার পক্ষে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে সফরকারীদের সমতায় ফেরান ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লা। এই গোলটি করার মাধ্যমে টানা নয় ম্যাচে গোল করার কৃতিত্ব গড়েন তিনি।

৬৫ মিনিটে সাম্পাদোরিয়ার বিপদসীমায় হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় জুভেন্তাস। সেখান থেকে দলকে আবারো এগিয়ে দেন রোনালদো। এর আগে তার একটি দুর্দান্ত শট ফিরিয়ে দিয়েছিলেন সাম্পাদোরিয়া গোলরক্ষক, না হয় হ্যাটট্রিক বছর শেষ করতে পারতেন জুভেন্তাসের সবচাইতে দামি খেলোয়াড়টি। যদি তাই হতো তবে এ বছর গোলের অর্ধশতকও পূর্ণ করে ফেলতেন রোনালদো। তা হয়নি, ফলে সাত মৌসুম পরে পঞ্চাশের কম গোলেই বছর শেষ করতে হলো পর্তুগীজ ফরোয়ার্ডকে।

ম্যাচের শেষদিকে জুভেন্তাসের জালে বল জড়িয়েছিলো সাম্পাদোরিয়া। কিন্তু রেফারি প্রযুক্তির সহায়তায় অফসাইড ঘোষণা করেন সেটিকে। এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির শিষ্যরা।

ম্যাচশেষে স্কাই স্পোর্টস ইতালিয়াকে রোনালদো বলেন, ‘আমি ভিএআরের পক্ষপাতী কেননা এর কারণে ভুলের সংখ্যা কমছে। কাজ করার জন্য রেফারিদেরকে শান্তিপূর্ণ পরিবেশ দিতে হবে আমাদের। এমন পরিস্থিতিগুলো তাদের জন্য মোটেও সাধারণ নয়।’ 

এই ম্যাচ জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে ১৭ জয় এবং দু’টি ড্র করে ৫৩ পয়েন্ট নিয়ে সিরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে আছে জুভেন্তাস। মৌসুমের প্রথমার্ধ শেষে এর চেয়ে বেশি পয়েন্ট অর্জনের কীর্তি নেই আর কোনো ইতালীয় দলের।

এমন কীর্তি গড়ার পর দলের কোচ অ্যালেগ্রি জানালেন শিরোপা থেকে আর মাত্র ৩৭ পয়েন্ট দূরে আছে তার দল। বছরের শেষ ম্যাচে দলের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করলেও গোলহজমের পর দলের মানসিকতার সমালোচনা করেছেন তিনি।

অ্যালেগ্রির ভাষায়, ‘মোটা দাগে দেখলে, স্কুদেত্তোর জন্য ৩৭ পয়েন্টের ঘাটতি আছে। আজকের জয়টি ভালো এক জয়ই ছিলো। তবে এটি মোটেও অনায়াস জয় ছিলো না। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম, তারপর কিছুটা মেজাজ হারিয়েছিলাম আমরা। আমরা নার্ভাস হয়ে পড়েছিলাম, আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে। সাম্পাদোরিয়া যখন সমতা ফেরালো তখন মানসিকভাবে আরও শান্ত থাকতে হতো আমাদেরকে।’