পাবনার ফরিদপুর উপজেলায় ঢাকা ফেরত এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামে। বয়স ৩৭ বছর। তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। এ উপজেলায় এই যুবকই প্রথম করোনা শনাক্ত রোগী।
পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি ঢাকা থেকে গত ২৭ এপ্রিল বাড়িতে আসেন। তার মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ নাই। তিনি শারীরিক দুর্বলতা বোধ করায় এবং ঢাকা থেকে আসার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান। সন্দেহবশত গত ২৯ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই যুবকের করোনা পরীক্ষার ফলাফল জেলা সিভিল সার্জন অফিসে পাঠান। এতে ওই যুবকের করোনা শনাক্ত হয়। তিনি এখন হোম আইসোলেশন এ থাকবেন। পরিবারের অন্যান্যদের নমুনা সংগ্রহ করা হবে।
এ নিয়ে পাবনা জেলায় মোট ১১ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুরা উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন, সুজানগর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হন।
ইত্তেফাক/এমআরএম