করোনার কবলে

এই সময়ের ছড়া 

মাহমুদউল্লাহ

 

ডান দিকে বাঘ, বামে কুমির—মধ্যে মতি চাচা,

জন্তু দুটোর সামনে পড়ে যায় না বুঝি বাঁচা।

একদিকেতে করোনা আর আরেক দিকে অভাব,

দুটোই ঘাতক, আছে ওদের অতি হিংস্র স্বভাব।

কর্ম বন্ধ, বেতন বন্ধ—ঘরে সবাই কাঁদে,

হঠাত্ চাচা পড়ে গেলেন এ কোন মরণ ফাঁদে!

এটা লাগে, ওটা লাগে—চাহিদা যে কত,

ঘরভাড়াটা মাথা তোলে দত্যি-দানোর মতো।

 

করোনারা দাপিয়ে বেড়ায় রাজপথে কি মাঠে,

দুলে দুলে মানুষজনের পাশটি ঘেঁষে হাঁটে।

গায়ে তারা ফুল গুঁজেছে, ছড়ায় মরণ বিষ,

বেড়ায় যেন প্রেতপুরীতে, আনন্দে দেয় শিস।

রাজভোজ আসে কিছু লোকের খাবার টেবিলটাতে,

এক টাকাও আসে না তো মতি চাচার হাতে।

তিনি শোনেন, রাষ্ট্রের হাতে খাদ্যসম্ভার আছে,

ভাবেন কেবল, আসবে কবে সাহায্য তাঁর কাছে।