শিগিগরই ফিরছে না সিরি’আ

স্পোর্টস ডেস্ক

করোনার কারণে স্থগিতাদেশ কাটিয়ে অনুশীলনে ফেরার অনুমতি পেয়েছে সিরি’আর দলগুলো। গতকাল সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলনে নামার কথা খেলোয়াড়দের। তবে অনুশীলনের অনুমতি দিলেও লিগে ফেরায় অনুমতি দিতে আরো দেরি হতে পারে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা।

ক্লাবের অনুশীলন মাঠে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন সেশনের অনুমতি মিলেছে ৪ মে থেকে। আর দলীয় অনুশীলন মাঠে ফিরবে আগামী ১৮ আগস্ট। এ লক্ষ্যে এরই মধ্যে দলগুলো নিজ দেশে চলে যাওয়া খেলোয়াড়দের ডেকে পাঠিয়েছে।

তবে এমন সব তোড়জোড় সিরি’আর ফেরায় কোনো প্রকারের প্রভাব ফেলবে না। এমনকি গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিগ নিয়ে কোনো আলোচনাই করতে চাইলেন না ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘আমি কিছু অদ্ভুত তথ্য পড়েছি শেষ কিছু দিনে। কিন্তু সত্যি কথাটা হলো, পরিস্থিতি একটুও পালটায়নি। চ্যাম্পিয়নশিপের ফেরার ব্যাপারে আপাতত কথাই বলব না আমরা।’

প্রায় অর্ধ বিলিয়ন সমপরিমাণের টিভিস্বত্ব হারানোর ঝুঁকিতে আছে আয়োজকরা, পৃষ্ঠপোষকদের অর্থ হিসেবে আনলে অঙ্কটা বড়ো হবে আরো। এ কারণে সিরি’আ কর্তৃপক্ষ আর ইতালিয়ান ফুটবল ফেডারেশন, দুই পক্ষই লিগ শেষ করতে মরিয়া। তবে ইতালীয় সরকার লিগ কর্তৃপক্ষকে অনুমতি দেবে কি না, এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।