জুয়া খেলা: যশোরে শ্রমিক নেতাসহ দুজন গুলিবিদ্ধ

জুয়া খেলার বিরোধে সোমবার বিকেলে যশোর শহরের বকচর হুঁশতলায় যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে সমিতির সহসাধারণ সম্পাদক মিন্টু গাজীর (৫০) পেটে গুলি ঢুকেছে। আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা পাঠানো হচ্ছে। আহত অপর পরিবহন শ্রমিক ইমদাদুলের (৫০) হাতে গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

আহত ইমদাদুলের ভাই বদরুল আলম জানান, বিকেল সোয়া ৪টার দিকে ইমদাদুল ও মিন্টু গাজী ইফতারি কেনার জন্য হেঁটে হুঁশতলা মোড়ে যাচ্ছিলেন। কপোতাক্ষ লায়ন্স চক্ষু হাসপাতালের পাশে কপোতাক্ষ প্লটের সামনে ওত পেতে থাকা বিল্লাল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ইমদাদুলের হাতে আঘাত করে মিন্টুর পেটে বিদ্ধ হয়। তিনি জানান, মিন্টু গাজী, ইমদাদুল, বকচর এলাকার বিল্লাল, লাল্টু, সাইফুল, লিটন প্রতিদিন হুঁশতলা কবরস্থানের পাশে একটি বাগানে জুয়া খেলেন। এই জুয়া খেলা নিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে বিরোধ হয়। তারই জের ধরে বিল্লাল ওই দুজনকে গুলি করে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মুক্তামণি জানান, মিন্টুর পেটে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা রেফার করা হয়েছে। আর আহত ইমদাদুল আশঙ্কামুক্ত।

পরিবহন সংস্থা শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক ষষ্ঠী দত্ত জানান, মিন্টুকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়া হচ্ছে। যশোর কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনা শোনার পর দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/আরএ