খুলনায় সাধারণ ক্ষমায় মুক্তি পেল ২ কয়েদি

করোনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন দু’জন। 

সোমবার (৪ মে) দুপুরে তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। মুক্তিপ্রাপ্তরা হচ্ছে- খুলনার মহানগরীর দৌলতপুরের মোঃ কিবরিয়া শেখ (২৫) এবং যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার মোঃ সবুজ (২৪)। চুরি মামলায় তারা খুলনা জেলা কারাগারে এক বছরের সাজা ভোগ করছিলেন। ইতিমধ্যেই তারা চার মাসের কারাদণ্ড ভোগ করেছেন। 

খুলনা জেলা কারাগারের সুপার মোঃ ওমর ফারুক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (কারা-২) শাখার ২৯ এপ্রিলের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক উল্লিখিত ২জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে গতকাল সোমবার দুপুর ২টা ১০ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, করোনার কারণে সরকার লঘুদণ্ড ও ২০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসাবে খুলনা জেলা কারাগার থেকে এ ধরনের ৬৮জনকে মুক্তির প্রস্তাব করা হয়। তবে, প্রথম দফায় খুলনা কারাগার থেকে কাউকে মুক্তি দেয়া হয়নি। দ্বিতীয় দফায় ১৪জনকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়। ওই ১৪ জনের মধ্য থেকে ২জনকে মুক্তি প্রদান করা হলো। বর্তমানে খুলনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৬৭৩জন হলেও গতকাল সোমবার পর্যন্ত  ১ হাজার ৪৮৪জন বন্দি রয়েছে বলে জানান জেল সুপার ওমর ফারুক। 


ইত্তেফাক/ এমএএম