গুজবে কান দিবেন না

যে কোনো ঘটনা ঘটলেই হলো—একদল মানুষ সামাজিক মাধ্যমে গুজব ছড়াতে যেন উঠেপড়ে লাগে। কিছু বলার ন্যূনতম যোগ্যতা নেই—তবু এরা লাইভে আসে। ভুল, মনগড়া তথ্য পরিবেশন করে। করোনাকালে দেখা যাচ্ছে অনেকেই লাইভে আসছে। ভুয়া তথ্যে ভরা পোস্ট দিচ্ছে। অনেকের উপকার হবে ভেবে এইসব পোস্ট শেয়ারও করছেন অনেকে। যাচাই-বাছাই হচ্ছে না।  একটা উদাহরণ দেই। ইউনিসেফের বরাত দিয়ে একটা পোস্ট খুব শেয়ার হলো। বিষয় করোনায় সচেতনতা। এই পোস্টে এমন সব কথা ছিল—যা ইউনিসেফ বলেনি। সরকার ব্যবস্থা নিয়েছে। কিছু গুজব রটনাকারীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বেশিরভাগ গ্রেফতারের বাইরে। কেননা এদের অনেকে দেশের বাইরে থাকে। বিদেশে বসে দেশের ক্ষতি করছে। সরকারের কাছে আকুল আবেদন, এদের আইডি ব্লক করা হোক। গুজব খুবই মারাত্মক জিনিস। মানুষকে আতঙ্কিত করে তোলে। আতঙ্ক মানুষকে প্রয়োজনের সময় ঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। তাই গুজব যারা ছড়ায়—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

মুহাম্মদ শফিকুর রহমান

বানারীপাড়া, বরিশাল