বিজেএসের চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল সোমবার বিজেএস চেয়ারম্যান হিসেবে বিচারপতি সিদ্দিকীর পুনর্নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালে কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

১৯৮১ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং ১৯৮৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী তালিকাভুক্ত হন। তিনি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের ও ২০১৩ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দেশে-বিদেশে বিচারকদের বিভিন্ন সম্মেলনেও অংশ নেন তিনি। এরপর ২০১৫ সালের ৩০ এপ্রিল রাষ্ট্রপতি তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। গতকাল তাকে পুনর্নিয়োগ দেওয়া হয় বলে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।