ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

করোনা সন্দেহে স্ত্রীর সঙ্গে ঝগড়া

বিশেষ প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় বাসার পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে পুলিশের কনস্টেবল তোফাজ্জল হোসেন গতকাল সোমবার আত্মহত্যা করেছেন। তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখার প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। খিলগাঁও তিলপাপাড়ার ১৬৮/এ নম্বর বাড়ির পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল। বিষয়টি নিশ্চিত করেছেন  খিলগাঁও থানার ওসি মশিউর রহমান।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল ঐ কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রী সন্দেহ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। ফলে পুলিশ কনস্টেবল তোফাজ্জল হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গতকাল সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঐ বাসায় থাকতেন। ওসি বলেন, তার মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।