সৈয়দপুর ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা করোনায় আক্রান্ত

১৩ বাড়ি লকডাউন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ইসলামী ব্যাংক লিমিটেড নীলফামারীর সৈয়দপুর শাখার ছয় জন কর্মকর্তার শরীরে করোনা পজিটিভ মিলেছে। রবিবার এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. রনজিত্ কুমার বর্মণ।  গত ২৮ এপ্রিল সৈয়দপুর ইসলামী ব্যাংকের ১৩ জন কর্মকর্তা একযোগে করোনা উপসর্গ জ্বর-সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে অসুস্থ অবস্থায় কাজে আসেন। এ কারণে সেদিনই ব্যাংকের শাখাটি লকডাউন ঘোষণা করা হয় এবং আক্রান্তদের নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রবিবার সৈয়দপুরে অবস্থানকারী দুই ব্যাংক কর্মকর্তার বাড়িসহ আশপাশের মোট ১৩টি বাড়ি এবং দোকান ও হোটেল লকডাউন করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।